ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ১০০ বলের টুর্নামেন্ট The Hundred–এর আসন্ন ড্রাফটে রেকর্ড ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। এটি এখন পর্যন্ত এই প্রতিযোগিতায় বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিনিধিত্ব।
আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে ড্রাফট, যেখানে ৭১০ জন খেলোয়াড়ের তালিকা থেকে দলগুলো নিজেদের স্কোয়াড চূড়ান্ত করবে। টুর্নামেন্টটি ২১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত চলবে।
বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য নির্ধারণ করেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তিনি £১,০০,০০০ ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন, যা এ বছর বাংলাদেশের কোনো খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ মূল্যায়ন।
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট Big Bash League–এ খেলা লেগস্পিনার রিশাদ হোসেন নিজের ভিত্তিমূল্য নির্ধারণ করেছেন £৭৫,০০০। তিনি দ্বিতীয় সর্বোচ্চ মূল্যমানের তালিকায় আছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এ বছর £৫০,০০০ ক্যাটাগরিতে কোনো বাংলাদেশি ক্রিকেটার নেই।
এছাড়া জাতীয় দলের একাধিক তারকা ক্রিকেটার £৩১,০০০ ভিত্তিমূল্যে ড্রাফটে অন্তর্ভুক্ত হয়েছেন। এই তালিকায় রয়েছেন— নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী অনিক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মাহেদী হাসান, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, রিপন মন্ডল, নাহিদ রানা, মোহাম্মদ নাঈম (নাঈম শেখ), সাব্বির রহমান ও সৌম্য সরকার।
ড্রাফটে কারা সুযোগ পান, তা জানার অপেক্ষায় এখন বাংলাদেশের ক্রিকেটভক্তরা।
